সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

“ভালো আছি”____✍️ লেখিকা চন্দনা রানী_____

 

 

আমি ভালো আছি।

হ্যাঁ, বেশ ভালোই আছি।
ভালো নেই—এই কথাটা আমি কাউকে কখনোই বলি না। কারণ, এই দুটো শব্দের পেছনে লুকিয়ে থাকে এক একটি দীর্ঘ ইতিহাস—
যেখানে আছে অভিমান, বেদনা, হাহাকার, আর হারিয়ে ফেলা কিছু স্বপ্নের মিছিল।

ভালো নেই বললেই মনে হয় যেন কষ্টগুলো হঠাৎ করেই হু হু করে বাইরে বেরিয়ে আসবে,
ভেঙে দেবে সেই হাসিমাখা মুখোশটা,
যেটা আমি প্রতিদিন পরে থাকি—তোমার শান্তির জন্য, তোমার হাসির জন্য।

জানি না, কখনো বুঝতে পেরেছো কিনা—
তোমাকে ভালো রাখতে গিয়ে, তোমার পথটা সহজ করে দিতে গিয়ে
আমি আমার নিজের সব ইচ্ছেগুলোকে, সব চাওয়াগুলোকে নিঃশব্দে বিসর্জন দিয়েছি।
হাসি দিয়েছি, অথচ চোখের কোণে লুকিয়ে রেখেছি এক একটা না বলা কান্না।
চোখের নিচে জমেছে রাতজাগার ছাপ,
আর অন্তরের গভীরে তৈরি হয়েছে একেকটা পাথর হয়ে যাওয়া স্মৃতি।

তবু বলি, “ভালো আছি”—
কারণ, তুমি যেন বোঝো না আমি ভিতরে ভিতরে কতোটা একা, কতোটা অসহায়।
আমার সেসব স্বপ্ন, যেগুলো একসাথে বুনেছিলাম, এখন কেবলই স্মৃতি।
হয়তো আমি নিজেই ভুল করেছিলাম—
ভেবেছিলাম, ভালোবাসা মানে শুধু হাসি, শুধু একসাথে থাকা।
কিন্তু বাস্তবতা শিখিয়ে দিয়েছে, ভালোবাসা মানেই নয় পূর্ণতা।

আমার স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে গেছে—
রয়ে গেছে কেবল ইতিহাসের পাতায়,
অপূর্ণ গল্পের মতো,
যেগুলো হয়তো কেউ কোনোদিন পড়বেও না।

তবুও, আজও আমি হাসি মুখে বেঁচে থাকি।
কারণ, সেটাই আমার শক্তি।
সেই হাসির আড়ালেই লুকিয়ে আছে
একজন ছেলে বা মেয়ের সমস্ত হার না মানা গল্প।

বিঃদ্র=
যারা “ভালো আছি” বলেও প্রতিদিন নিজেদের সঙ্গে এক যুদ্ধ করে যায়,
তাদের কষ্টগুলো শুধু তারাই বোঝে।
তাদের হাসির পেছনে লুকানো গল্পগুলো কখনো ফাঁস হয় না—
তাই তো, তারা হয়ে থাকে ‘অসম্পূর্ণ গল্পের নীরব নায়ক’ বা নায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *