সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
একটি সাদা সুখ খুঁজি।
তৃপ্তির বাসনা নিয়ে ব্যাকুলতায় খুঁজি।
শুক্লপক্ষের পূর্ণিমা তিথীতে গোলাকার চাকতির
মতো চাঁদের ভেতর খুঁজি।
দাবদাহ গ্রীষ্মের পত্রপল্লবের মর্মর ধ্বণিতে খুঁজি।
শ্রাবণের মেঘলা আকাশে উঁকি মারা-
এক চিলতে রোদের ভেতর খুঁজি।
শরতের বিকেলে শুভ্র কাশফুলের চাদরে খুঁজি।
হেমন্তের সন্ধ্যায় নতুন ধানের মৌ মৌ
গন্ধের মাঝে খুঁজি।
কুয়াশাচ্ছন্ন কনকনে শীতের সকালে-
সোনাঝরা মিষ্টি রোদের ভেতর খুঁজি।
বসন্তে কোকিলের কুহুতান আর পলাশ, শিমুল,
কৃষ্ণচূড়ার রক্তরাঙ্গা পুষ্পের মাঝে খুঁজি।
দিনান্ত পরিশ্রমী মায়ের ধোঁয়াটে আঁচলের মাঝে খুঁজি।
বটবৃক্ষ বাবার ঘর্মাক্ত শরীর মোছা গামছার মাঝে খুঁজি।
দিবসের ক্লান্তি শেষে প্রিয়ার কাজল কালো চোখ ও
বাঁকা ঠোঁটের হাসির ভেতর খুঁজি।
টেকনাফ হতে তেঁতুলিয়ায় লাল সবুজের জমিনে খুঁজি।
শূণ্যতায় পূর্ণতায় আসমুদ্রহিমাচল খুঁজে ফিরি।