সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
জীবন এক অদ্ভুত অনুভূতি,এক সীমাহীন অনুভব
হাসির ভেতর লুকিয়ে থাকে,হাজারো কান্নার কলরব।
কেউ এখানে বেশি চেয়ে থাকে ,কিছুই পায়না শেষে
কেউ আবার সুখ পেয়েও হারায়,অন্ধ আবেগে ভেসে।
কেউ সুখ খুঁজতে খুঁজতে,জীবনটাকে বিপন্ন করে দেয়
কেউ আবার দুঃখের নোনা জলে,প্রতিদিনই ভেসে রয়।
জীবন যেন ধোঁয়াশা ভরা পথিকের,পথ হারানো গান
স্বপ্ন দেখা ভুল এখানে জেনেও,তবু স্বপ্নই দেখে প্রাণ
অন্যের প্রয়োজনে মানুষ এখানে,বাঁচে যে প্রতিটি ক্ষণ।
তবুও মানুষ স্বার্থ ফুরালে, ভুলে যায় আপন জন।
বিষাক্ত পৃথিবীতে আঘাত-প্রতিঘাত,আসে যে নিত্য
আপন মানুষই মানুষের হৃদয়কে,করে ক্ষত-বিক্ষত।
ভালোবেসে,ভালোবাসা এখানে,মেলে না সব সময়
মানুষ প্রেমের আশায় প্রতিদিনই,অপেক্ষায় বসে রয়।
আমরা যা চাই তা মেলে না,জীবন চলে নিয়তির নিয়মে
যা কিছু পাই তা দরকার,থাকে না আবার এ জীবনে।
যাকে সবচেয়ে বেশি ভালোবাসি,অনুভবে বেঁধে রাখি
অবহেলার গভীর দাগে ভরিয়ে দেয়,সে-ই দুটি আঁখি।
দিনের শেষে হিসেব কষে দেখি,নিজেই ভীষণ বোকা
চারপাশ ভরা মানুষ তবু,এই আমি যে বড়ই একা।
পৃথিবীর এত মানুষের ভিড়ে,এত মায়ার সম্পর্ক জুড়ে
মানুষ শেষে নিজের কাছেই ,একা ফিরে আসে ঘুরে।
সবাই আসে স্বার্থের জন্যই,সময় শেষে চলে যায়
শেষ বেলায় শুধু জীবনের হিসেব, নিজেকে কাঁদায়।