সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
আষাঢ়ে ঝরে বারি
নদী ভরে জলে।
জেলেরা জাল দিয়ে
মাছ ধরে বিলে।
ব্যাঙেরা ডাকে জোরে
ঘেঁও ঘেঁও রবে,
বর্ষার উৎসবে
মেতে ওঠে সবে।
কদম ও কেয়া ফুল
ফুটেছে যে বনে,
আনন্দের দোলা লাগে
চাষীদের মনে।
আকাশেতে মেঘ ওড়ে
কালো মেঘের ভেলা,
মাঠে মাঠে জমে ওঠে
জলেরই খেলা।
ছোট ছোট ছেলেমেয়ে
কাগজের নাও,
ভাসিয়ে দিয়ে বলে
‘কোন দেশে যাও?’
টিনের ওই চালে পড়ে
বৃষ্টির গান,
জুড়িয়ে যায় যে হেরি
সবুজ এ প্রাণ।
খেয়া পারাপার চলে
নদী থইথই,
এমন মধুর ঋতু
আর কোথা পাই!