সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শষ্য শ্যামল বাংলাদেশ চাই শান্তি সুখে থাক ভরে,
ছবির মতোন সাজিয়ে রবে দেখবো সমভাগ করে।
গলায় গলায় থাকবে পিরিত কেউ যেন না বৈরী হয়,
মহৎ কাজের ডাক পড়িলে সবাই যেন তৈরি হয়।
ধর্ম জাতির নাই ভেদাভেদ হিন্দু খ্রিষ্ট মুসলমান,
আপন ধর্ম পালন করার সমধিকার পাই সমান।
দেশের শান্তি রাখার তরে হৃদয় দিয়ে কাজ করি।
বিশ্ব সভায় মান বাড়িয়ে সোনার বাংলার তাজ পরি।
দুর্নীতি আর খুনখারাবি শুণ্য কোটায় যাক নেমে,
মাদক দ্রব্য চোরা চালান চির জীবন থাক থেমে।
বছর বছর আটকে ফাইল বন্ধ করি ঘুষ রীতি,
দেশের সুনাম রাখতে বজায় লালন করি হুঁশ নীতি।
বিবেক দিয়ে বন্ধ করি রডের বদল বাঁশ দেওয়া,
অন্নাভাবে যাচ্ছে বেড়ে ক্ষুধার জ্বালায় ফাঁস নেওয়া।
ছাত্র, রোগির নামে যারা ব্যবসা করে দিনকে দিন,
ভাবতো মনা যাচ্ছে বেড়ে তাদের কাছে রক্ত ঋণ।
বন্ধ করো খাদ্যে ভেজাল কার্বাইড আর ফরমালিন,
শেষ বিচারের কাঠগড়াতে সব আমলই হয় বিলীন।
এমন বাংলা চাই যে মোরা সবাই খাবে দুগ্ধ ভাত,
প্রাণ ভরিয়ে শ্বাস নিবে আজ ঝরবেনা আর অশ্রুপাত।