প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৬, ২:২২ এ.এম
“পথের ধূলি” মোহাম্মদ জহুরুল ইসলাম

কোন পথের ধূলি সবচেয়ে আপন
কোন পথের ধূলি পর
কোন পথের ধূলি লেগে গায়ে
রয়েছে জীবন ভর!
কোন ধূলিতে মুক্তা মানিক
আলোর মতন জ্বলে
কোন ধূলি গো আগলে বুকে
প্রাণের কথা বলে!
কোন ধূলিতে শৈশব কাল
কোন ধূলিতে কৈশোর
কোন ধূলিতে খেলতে আজো
নেই কো কোনো ডর!
কোন পথের ধূলি ছুঁয়েছে চরণ
মোর বন্ধু, প্রিয় স্বজন
কোন পথের ধূলিই জীবন ভর
শুনছে প্রাণের কাঁদোন!
কোন ধূলিতে শুয়ে আছে মোর
প্রাণের প্রিয় জন
কোন ধূলি গো জড়িয়ে ধরে
হৃদয়ে দিয়েছে বাঁধন!
সেই ধূলির পরশ গায়ে মেখে
বাঁধলাম সুখের ঘর
সেই ধূলির মাঝে শুয়ে রবো
শেষ দিবসেরও পর!!
কবি পরিচিত :
আমার অতি সংক্ষিপ্ত পরিচয়ঃ
মোহাম্মদ জহুরুল ইসলাম
প্রভাষকঃ ইংরেজি সাহিত্য
বিরামপুর সরকারি কলেজ,
বিরামপুর, দিনাজপুর।
আমি লেখালেখির সাথে অনেক দিন আগে থেকে জড়িত, ২০২০ সালে মহান একুশে বই মেলায় আমার প্রথম কাব্য গ্রন্থ " সোঁদা মাটির ঘ্রাণ" প্রকাশিত হয়।এর পর ২০২১ সালে দ্বিতীয় কাব্য গ্রন্থ " কষ্টের দাগ " বই মেলায় প্রকাশিত হয়। এই আমার সংক্ষিপ্ত পরিচয়।
joyprovat.com